ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও বিদেশি ওষুধ বিক্রি এবং যথাযথ নিয়মে ফার্মেসি পরিচালনা না করার অপরাধে ৪টি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সামবার বিকেল ৫টা থেকে উপজেলা সদর বিবিরহাটে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অবৈধ বিদেশি ওষুধ মজুত, সঠিক তাপমাত্রায় জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণ না করা এবং নিয়মানুযায়ী নিবন্ধিত ফার্মাসিস্ট না থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় মিন্টু কান্তির মালিকানাধীন করিম ক্লিনিককে ২০ হাজার টাকা, মোহাম্মদ তৈয়বের করিম ড্রাগসকে ৫০ হাজার টাকা, মোহাম্মদ জসিমের জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং জাফর উল্লাহর ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ওষুধের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফার্মেসিগুলোতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এই তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।












