প্রবর্তক মোড়সহ কিছু অংশে আবার জলাবদ্ধতা

পানি ঢুকে দোকানপাটে, দুর্ভোগ জলাবদ্ধতা মোকাবিলায় ১৬টি কুইক রিএকশন টিম গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরের প্রবর্তক মোড়, পাঁচলাইশ আবাসিক এলাকা ও কাতালগঞ্জ আবাসিক এলাকার কিছু অংশে গতকাল বুধবারও জলাবদ্ধতা হয়েছে। ডুবে যায় সড়ক, পানি ঢুকে যায় কিছু দোকানপাটে। এই নিয়ে টানা তিনদিন পানিতে তলিয়ে যায় এলাকাগুলো। এতে দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেন স্থানীয় লোকজন। পাশাপাশি ভোগান্তি হয়েছে পথচারীদেরও। অবশ্য গতকাল পানির উচ্চতা আগের দিনের চেয়ে কম ছিল।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকালে নগরে তেমন বৃষ্টিপাত হয়নি। তবে সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়ে প্রায় দেড়টা পর্যন্ত পড়ে। এরপর থেমে যায়। বিকেল ৩টার পরও আবারও বৃষ্টি শুরু হয়। গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা মাঝারি ধরনের বৃষ্টিপাত হিসেবে গণ্য।

এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর প্রবর্তক মোড়, মেডিকেলের সামনের সড়ক, পাঁচলাইশ আবাসিক এলাকার বিভিন্ন অংশ ও কাতালগঞ্জের কিছু অংশে জলাবদ্ধতা দেখা দেয়। এর মধ্যে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে গত রাত সাড়ে টায়ও পানি জমে থাকার কথা জানান স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। এদিকে গতকাল দুপুরে প্রবর্তক মোড়ের পাশেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পানি ঢুকে যায়। চমেক হাসপাতালের সামনে সড়কে দুপুরে পানি ওঠে। হাসপাতালের মূল ফটকের বিপরীত পাশে পাঁচলাইশ এলাকার প্রবেশপথটিতেও পানি দেখা গেছে। কাতালগঞ্জ আবাসিকের একটি সড়কে এবং কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির সংলগ্ন মূল সড়কেও পানি উঠে গতকাল।

এদিকে টানা তিন দিনের জলাবদ্ধতার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। চমেক হাসপাতালের মেইন গেইটের সামনে আয়াত সার্জিক্যাল নামে একটি দোকানের কর্ণধার তানভীর সাংবাদিকদের বলেন, পানির নিচে তলিয়ে গেছে দোকানের প্রায় সব পণ্য। ইলেকট্রিক হুইলচেয়ার, ইলেকট্রিক বেড, নেবুলাইজার, অঙিজেন কনসেন্ট্রেটর, ব্লাড প্রেশার মেশিন, সার্জিক্যাল বেল্ট, অঙিমিটার থেকে শুরু করে কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, মনিটর, আইপিএস সবই নষ্ট হয়ে গেছে। অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি পানিতে ডুবে অকেজো হয়ে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশংকা রয়েছে।

এদিকে গতকাল বিকেলে প্রবতর্ক মোড়ে পরিদর্শনে গিয়ে সিডিএ’র জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহসিনুল হক বলেন, ৩৬টি খালের মধ্যে আমরা ৩০টি খালের কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত করেছি। বর্তমানে ছয়টি খালের কাজ চলমান আছে। তার ভিতরে পাঁচটি খালের কাজ, আমাদের পরিকল্পনা অনুযায়ী মে মাসের ১৫ তারিখেই শেষ হয়ে যাওয়ার কথা। আর বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রবর্তকের মোড় এটা বেসিক্যালি হিজরাখালের পাশের অংশ। হিজরাখালের কাজটি আমরা বিশেষ অনুরোধে গত বছর নিই এবং এই বছরের জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজটি শুরু হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৬২ শতাংশ কাজ কমপ্লিট হয়েছে।

তিনি বলেন, হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ পরিস্থিতিতে হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ায় প্রবর্তক মোড়সহ টোটাল চট্টগ্রামে তিনচারটা জায়গায় জলাবদ্ধতা হয়েছে। প্রবর্তকের মোড়ের এই পানি যেটা গতকালকে বুক পর্যন্ত ছিল আজকে এই মুহূর্তে হাঁটু পর্যন্ত আছে। মানে আমরা গতকাল রাত থেকে কাজ শুরু করেছি এবং গতকালকে রাতে দেড়টার ভিতরে এখানে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণরূপ সরে গিয়েছিল। তিনি বলেন, এখন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, চলমান কাজ যেটা হিজরাখালে হচ্ছে এটার কাজটা আমরা আপাতত বন্ধ রেখেছি এবং এই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমরা যেটা পরিস্থিতি ক্রিয়েট করেছিলাম ওয়ার্কিং স্পেস সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। তিনি বলেন, শুধু এই অংশ না। আমরা ওভারঅল চট্টগ্রাম শহরের জলবদ্ধতার এই সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য ১৬ টা কুইক রিএকশন টিম গঠন করেছি। যারা যে কোনো পরিস্থিতিতে যেখানে পানিবদ্ধতা হচ্ছে সেখানে যাবে এবং খাল বা নালায় যেখানে জলাবদ্ধতা হচ্ছে বা পরিষ্কার করে দেওয়ার যে বিষয়গুলো বা প্রয়োজনে সিভিল যে সংস্থা আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজগুলো করবে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধহিজরা খালে দেয়া বাঁধ পাঁচ দিনের মধ্যে অপসারণ হবে