সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওযার পর প্রথমবারের মত বঙ্গভবনে অফিস করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান। সেখানে পৌঁছে প্রেসিডেন্ট কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়। খবর বিডিনিউজের।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান। এসব আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে উপস্থিত হন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে নিয়মিত অফিস করবেন, তবে থাকবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে।












