কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় এক পথচারীর মত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় বানৌজা সাবমেরিন নৌঘাঁটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোছেন (৫৭) প্রকাশ মাছন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি দৈনিক আজাদীর পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ হোছেন। এ সময় দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব এবং প্রয়োজনীয় গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। জানা যায়, গত এক বছরে একই স্থানে প্রাণ হারিয়েছেন সাত জন। এছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও বহু পথচারী, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভোলাইয়াঘোনা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ বলেন, এই জায়গাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। প্রশাসনের উচিত দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া, যাতে আর কোনো পরিবারকে স্বজন হারাতে না হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু একই স্থানে বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সড়কের সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।












