এখন থেকে সরকারি যে–কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, প্রচারণা সামগ্রী তৈরির ক্ষেত্রেও অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে তা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য যে–কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এসব প্রচারণা সামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। খবর বাসসের।
পরিপত্র জারির প্রেক্ষাপট জানিয়ে প্রধানমন্ত্রীর উপ– প্রেস সচিব হাসান শিপলু জানান, গতকাল (রোববার) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান, সড়কে একটি মন্ত্রলালয়ে আয়োজিত কর্মসূচি উপলক্ষে ব্যানার–ফেস্টুনে নিজের ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নিদের্শনা দেন।












