পেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি মৎস্য প্রজেক্টে ডাকাতি চেষ্টার ঘটনায় অস্ত্র, গোলাবারুদ ও একটি ইঞ্জিনচালিত বোটসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ী এলাকার মোক্তার বাহিনীর প্রধান মোক্তারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি গভীর রাতে করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন সতর্ক হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পেকুয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনীর প্রধান মোক্তারসহ অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের হাতে আটক দুই সহযোগীকে অস্ত্র, গোলাবারুদ ও একটি ইঞ্জিনচালিত বোটসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, দুটি তাজা শটগানের কার্তুজ, ১৫টি খালি শটগানের কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতগুলো পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনতার সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমরহুম সবদার আলী স্মরণে হোটেল আগ্রাবাদের কর্মসূচি
পরবর্তী নিবন্ধআমির ভান্ডার দরবারে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী