পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

প্রজ্ঞাপণে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুনঅররশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ ছাড়া পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীও অবসরে গেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদও এই তালিকায় রয়েছেন। এর আগে গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহালদাপাড়ে রেণু ফোটানোর ব্যস্ততা