কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় পিতা–পুত্রসহ সাত বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আলী আহমেদ এবং তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম। এছাড়া সাবরাং এলাকার বাসিন্দা আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ ও আব্দুল মোতালেবকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, গতকাল সকালে ১০–১৫টি ইঞ্জিনচালিত নৌকায় করে জেলেরা নাফ নদীতে মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে দুটি নৌকাসহ সাত জেলেকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যায়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, নাফ নদীতে বারবার জেলে অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলেরা সীমান্ত এলাকায় মাছ ধরার সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।














