পা পিছলে পুকুরে, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পুকুরে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, নাফিজরা পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করেন। দুই দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন নাফিজ। এ সময় ঘাটে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান তিনি। সাঁতার না জানায় আর পানির ওপর উঠে আসতে পারেননি।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা নাফিজকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ১১ লাখ ১৭ হাজার টাকা
পরবর্তী নিবন্ধপ্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর