পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসেই ঝরল শিশুর প্রাণ

হাটহাজারীতে পুকুরে পড়ে মারা গেছে তিন বছরের হুমাইরা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ছিল গতকাল শনিবার। পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতার ওপর জোর দেওয়ার দিনেই হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে তিন বছর বয়সী শিশু হুমাইরার। গতকাল দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হুমাইরা একই বাড়ির ওয়াহিদুল আলমের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ঘরের পাশে খেলছিল হুমাইরা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বাদে আসর জানাজা শেষে হুমাইরার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে ভিসা বন্ধের ৮ বছর
পরবর্তী নিবন্ধথানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ