প্রতিকূল আবহাওয়া ও সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে পর্যটক ও সাধারণ মানুষের চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন জানায়, বিরূপ আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নৌপথে পর্যটক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে। গণবিজ্ঞপ্তিতে পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযানচালকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।











