পানছড়িতে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে। জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮১০জন যুবক অতর্কিতভাবে জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, ‘মোটর সাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এটি তাদের ব্যক্তিগত বিষয় এখানে বিএনপি জড়িত নয়।’ এদিকে আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। একজনের মাথায় আঘাত রয়েছে আর একজনের হাতের আঙুল ভেঙে গেছে। এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা করানোর জন্য একজনকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদাপাড়ে রেণু ফোটানোর ব্যস্ততা
পরবর্তী নিবন্ধবর-কনের মা-বাবার মুচলেকায় বাল্য বিয়ে স্থগিত