ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের একটি পরিত্যক্ত স্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খুঁজতে গিয়ে ঝোপের ভেতর মাথাবিহীন মরদেহটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি ফটিকছড়ি থানায় জানালে পুলিশ এসে সেটি উদ্ধার করে। মরদেহের মাথা না থাকায় এবং শরীরে পচন ধরায় পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধী শনাক্ত ও নিখোঁজ মাথাটি উদ্ধারে চিরুনি অভিযান শুরু হয়েছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর অপরাধীরা পরিচয় গোপন রাখতে মাথা বিচ্ছিন্ন করে লাশটি এই নির্জন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফেলে গেছে। ঘটনাস্থলের আশেপাশে মাথাটি বা রক্তের কোনো দাগ দেখা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।













