পটিয়ায় ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ সময় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় পিকআপ চালক সামান্য আহত হলেও ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পর কক্সবাজার রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাটমল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে যায়। ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দিয়ে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রাত ৯টার দিকে পটিয়া স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগির চারটি চাকা উদ্ধারে উদ্ধারকারী ট্রেন কাজ করে। উদ্ধারকাজ শেষে রাত ৯টার দিকে পটিয়া স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

জান আলীর হাট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, রাত ৯টার পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত পৌনে ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায়।

এদিকে পিকআপ ভ্যানটি রেললাইনে কীভাবে উঠেছে এবং দুর্ঘটনার জন্য কার দায় রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ে পুলিশ পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেশী দেশে পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে তেলের মূল্য সমন্বয়
পরবর্তী নিবন্ধএমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী একদিনের রিমান্ডে