ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘তাকে আর খুঁজি নাই’ শিরোনামের নতুন গান গেয়েছেন সংগীতশিল্পী নীহার লিখন। গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও লিখন নিজেই করেছেন; সংগীত আয়োজন করেছেন ইয়ার হোসেন। এছাড়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাফছান জানী। ভিডিওতে নীহার লিখনের সঙ্গে অভিনয় করেছেন অর্পা তালুকদার। খবর বিডিনিউজের।
আজ বৃহস্পতিবার গানটি নীহার লিখনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেইসবুক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।
নতুন কাজটি নিয়ে আশাবাদী নীহার লিখন। তিনি বলেন, গান নিয়ে বলার চেয়ে বরং অপেক্ষাই বেশি আমার। কোনো গান করার সময় একধরনের মধুর শঙ্কাতেই থাকি, যখন লিরিক্স লিখি বা সুর ভাবি তখনও মনে হয় শ্রোতা কিভাবে নেবে গানটি। আমি আমার দুর্বলতা আর শক্তির জায়গাগুলো জানি। সেসব বিবেচনায় রেখেই গান লেখা, সুর করা ও গাওয়ার চেষ্টা করি। নিজের কাজে আনন্দ পাই। শ্রোতারাও যদি সেই আনন্দে একাত্ম হন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এই শিল্পী বলেন, ‘তাকে আর খুঁজি নাই’ গানটিতে তার কাজের দর্শন ও ভাবনা ফুটে উঠেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, যতদিন ভালো লাগে ততদিনই কাজ করে যেতে চাই। শিল্পোমানসমৃদ্ধ গান গাইতে ও লিখতে চাই। এর আগেও নীহার লিখনের লেখা, সুর ও কণ্ঠে প্রকাশ হয়েছে একাধিক মৌলিক গান। যেগুলো জি–সিরিজ, ঈগল মিউজিকসহ বিভিন্ন লেবেল থেকে প্রচার হয়েছে। এই গানটি প্রযোজনা করেছে ‘নকশাঘর লিমিটেড’। ‘বাবার ছায়া মুখ’, ‘অস্থিরতা’, ‘কাগজের জাহাজ’, ‘আমি ধরবো হাত তোমারই’, ‘অশরীরী মেঘ’ হলো লিখনের আরও কিছু গান। এছাড়া লালন, রাধারমণসহ বিভিন্ন ধরনের লোকসংগীতও করে থাকেন লিখন।












