প্রায় ছয় বছরের দীর্ঘ প্রস্তুতি, চিত্রনাট্য পরিমার্জন ও অর্থ জোগাড় কাজের পালা শেষ করে দৃশ্যধারণ শুরু হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। ঢাকার ২০টি ভিন্ন ভিন্ন লোকেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে বলে জানিয়েছেন নুহাশ।
‘মুভিং বাংলাদেশ’ নিয়ে তিনি বলেন, একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে মুভিং বাংলাদেশ। সিনেমাটি নিয়ে দীর্ঘ সময়ের একটা প্রস্তুতি আমার ছিল। চিত্রনাট্য, বাজেট ও গল্পের ডেভেলপমেন্ট সব মিলিয়ে একটা প্রস্তুতি নিয়েই কাজটি শুরু করেছি। কাজটা পরিকল্পনামত, সময় নিয়েই পর্দায় তুলে ধরতে চাই।
নুহাশ জানিয়েছেন, সিনেমায় কোনো তারকা অভিনয়শিল্পী থাকবে না। অভিনয়শিল্পীদের নামও পরে জানাবেন তিনি। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সিনেমার দৃশ্যধারণ কাজ হবে।
প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদপুত্র নুহাশ ক্যারিয়ার শুরু করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে। ২০২২ সালে তিনি তৈরি করেছিলেন চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। সিরিজটি বেশ আলোচিত হয়। এরপর গেল বছর তিনি নির্মাণ করেছিলেন ‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজন ‘২ষ’।
‘পেটকাটা ষ’ ছাড়াও ‘মশারি’, ‘অস্থির সময় স্বস্তির’ নামের সিরিজ নিয়ে ওটিটিতে কাজ করেছেন নুহাশ। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে তার ‘ফরেনারস অনলি’ সিরিজ।














