সারা দেশের মতো চট্টগ্রামেও গরমের সঙ্গে বাড়ছে বিদ্যুতের ঘাটতি। সারাদিনের চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে কম। এই ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করা হচ্ছে। গ্রীষ্মের ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে সীমাহীন। শহরের পাশাপাশি গ্রামে এর প্রভাব পড়ছে আরও বেশি।
পিডিবি চট্টগ্রাম আঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, গত কয়েক বছর ধরে গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হচ্ছে। এবার বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এরমাত্রা আরও বাড়তে পারে বলে আংশকা করছেন সংশ্লিষ্টরা। তবে সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়তে পারে। চট্টগ্রামে জ্বালানি নির্ভর প্রায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে। এই ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে পিডিবির জ্বালানি নির্ভর যে সব বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলো এই গ্রীষ্ম মৌসুমে ঠিক মতো সচল রাখতে যে পরিমান জ্বালানির প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। এই কারণে জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে চিন্তিত পিডিবি। নগরীর খুলশী, জামালখান, চেরাগী পাহাড়–মোমিন রোড ও লাভ লেইন, চকবাজার, এনায়েত বাজার, এলাকার বেশ কিছু বাসিন্দা গত মঙ্গলবার রাতে এবং গতকাল দিনের বেলায় ফোনে আজাদীকে জানান, গত মঙ্গলবার এবং গতকাল বুধবার এসব এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে লোডশেডিং করা হয়েছে। অনেক এলাকায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়েছে বলে জানান এসব এলাকার ভুক্তভোগী জনগণ।
এই ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদ আজাদীকে বলেন, গরমের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এখন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ১১৫০ থেকে ১২৫০ মেগাওয়াটের মতো। আজকে (গতকাল বুধবার) বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রামের চাহিদা ছিল সাড়ে ১১শ’ মেগাওয়াট। ১৫০ মেগাওয়াটের মতো ঘাটতি ছিল। বৃষ্টিপাত হলে চাহিদা কিছুটা কমতো। কাপ্তাই লেকের পানি একেবারে কমে যাওয়ার কারণে উৎপাদন একেবারেই কমে গেছে। একটি ইউনিট চালু করা হয়, এটি থেকে ৩০ থেকে ৪০ মেগাওয়াটের মতো উৎপাদন হয়। শিকলবাহা পিডিবির দুটি কেন্দ্র বন্ধ। রাউজান অনেক আগে থেকেই গ্যাসের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি নির্ভর কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, নগরী ও জেলা জুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে দিনের কিছু কিছু সময়ে লোডশেডিংও করা হচ্ছে। গত মার্চের মাঝামাঝি সময় থেকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এখন দিনে এবং রাতে নগরীতে কিছু কিছু সময়ের জন্য লোডশেডিং হচ্ছে বলে পিডিবি সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন।
পিডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট ছাড়া অবশিষ্ট সব বিদ্যুৎকেন্দ্রই গ্যাস এবং ফার্নেস অয়েল নির্ভর। জ্বালানি তেল নির্ভর এসব বিদ্যুৎকেন্দ্রের বেশির ভাগই বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বছরের পর বছর বন্ধ রয়েছে।














