নির্বাচনে বিশৃঙ্খলা করলে সরাসরি ব্যবস্থা-নো ড্রামা, নো লবিং

কর্ণফুলীতে জেলা প্রশাসক

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নির্বাচনের দিন কেউ যদি ঝামেলা তৈরির কল্পনাও করে, সে যেই হোকতাকে আর সতর্ক করার সুযোগ দেওয়া হবে না। সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনের অবস্থান একেবারেই পরিষ্কার-‘নো ড্রামা, নো লবিং’। এটাই আমাদের অবস্থান।

গতকাল শনিবার সকালে কর্ণফুলী উপজেলার অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকার থেকে নিবিড়ভাবে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা প্রত্যেককে মনিটর করছি। আমাকে যেমন রিটার্নিং অফিসার হিসেবে প্রতিনিয়ত মনিটর করা হচ্ছে, ঠিক তেমনি আপনাদের প্রতিটা কার্যক্রমও মনিটর করা হচ্ছে। সুতরাং কোনো ধরনের চালাকি বা অসততার আশ্রয় নেবেন না, প্লিজ।

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে ডিসি বলেন, আপনাদেরকে আইন অনুযায়ী কাজ করতে হবে। আইনের বাইরে যাওয়ার বা তাকানোর কোনো সুযোগ নেই। আমরা প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। পুলিশের বডিঅন ক্যামেরা রয়েছে। সেনাবাহিনী ও বিজিবিও বডিঅন ক্যামেরার আওতায় এসেছে। প্রতিটি কেন্দ্র সেন্ট্রালি জেলা ও উপজেলা পর্যায়ে সংযুক্ত করা হয়েছে। সুতরাং কোনো নাটক করার সুযোগ নেই, কোনো ড্রামার সুযোগ নেই, সবকিছুই মনিটর করা হবে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রার্থী ৭, আলোচনায় ৩ জন