ফেনী–পরশুরাম সড়কের সংস্কারকাজ দীর্ঘকাল ধরে চলমান থাকায় প্রতিদিন চরম যাতায়াত–ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এ অঞ্চলের সাধারণ জনগণ। কাজের ধীরগতির ফলে সৃষ্ট বিশৃঙ্খলায় প্রতিনিয়তই ছোট–বড় দুর্ঘটনার নীরব সাক্ষী হতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে ফেনীর গুরুত্বপূর্ণ লালপোল এলাকায় প্রায়ই মারাত্মক সব সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তরতাজা প্রাণ, আর প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে আহত ও নিহতের শোকাবহ তালিকা।
এমতাবস্থায় প্রতিদিনের যাতায়াতপথে সাধারণ মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে গাড়িচালকদের চরম অসাবধানতা ও খামখেয়ালিপনা। ট্রাফিক আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে অসংখ্য মানুষের জীবন।
সড়কে চলমান এই নৈরাজ্য থামানোর দাবিতে ইতিমধ্যে ফেনীতে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন কর্মসূচি শুরু করেছেন সচেতন নাগরিকেরা। প্রতিটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। তাই দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং একটি নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় ও যৌক্তিক দাবি।
সুমাইয়া রাহমান, শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ, পরশুরাম–ফেনী।











