বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। নিহত জসীম উদ্দীন শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আহমদ ছৈয়দের ছেলে।
স্থানীয়রা জানায়, জসীম উদ্দীন ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা আহমদ শরীফ বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং তাকে শনাক্ত করা হয়। মরদেহে পচন ধরা পড়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।














