রাউজানে ঘরের তালা ভেঙে লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় আসামি ধরার অভিযানে গিয়ে বন্ধ ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও মোবাইল লুটের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা জানে আলমের স্ত্রী।

শারমীন আকতার নামে ওই নারীর অভিযোগ, তার স্বামী বিএনপির রাজনীতি করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুরে পরিবারের সকলেই ঘরে তালা দিয়ে ক্ষেতখামারের কাজে বাইরে ছিলাম। এ সময় রাউজান থানার একদল পুলিশ ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। আলমিরা ভেঙে তারা নগদ ৭০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল সেট, এক জোড়া স্বর্ণের কানের দুল লুটে নেয়। খবর পেয়ে বাড়িতে ফিরে এসে দেখি পুলিশ ঘর থেকে বের হচ্ছে। এ সময় পুলিশ ঘরে বেড়াতে আসা এক নারীকে ডেকে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাগজে স্বাক্ষর নিয়ে যায়।

শারমিন জানান, ঘরে প্রবেশ করে তিনি তছনছ করা জিনিসপত্র দেখে নগদ টাকা, মোবাইল, কানের দুল না পেয়ে পুলিশের পিছু নিয়ে তার জিনিসপত্র না পাওয়ার কথা বলেন। পুলিশ এ সময় তাকে ‘ধমক’ দিয়ে বলেনাটক করতে এসেছিস? একথা বলে তারা চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, জানে আলম একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে ধরতে তিনি পুলিশদল নিয়ে সেখানে গিয়েছিলেন। জিনিসপত্র নেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, তারা নাটক সাজিয়ে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার
পরবর্তী নিবন্ধশেখেরখীলে টমটমের ধাক্কায় যুবক নিহত