নিখোঁজের কয়েক ঘণ্টা পর শিকলবাহা খালে মিলল কাসেমের লাশ

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে মো. কাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা খালের আলী হোসেন মার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাসেম আলী চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার ফেইল্লা বাপের বাড়ির মৃত বাচা মিয়ার ছেলে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাসেম আলী স্থানীয় একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক আগে বিয়ে করলেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

রোববার সকাল থেকে কাসেম আলীকে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিকলবাহা খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই মাহবুব আলী বলেন, ‘সকাল থেকে ভাইকে দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি। পরে খালে তার লাশ দেখতে পাই। মানসিকভাবে অসুস্থ থাকায় পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।’

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘পুলিশের সোর্স’ পরিচয়ে দাপট, বাকলিয়ার বাবু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকুমিরায় উল্টে গেল যাত্রীবাহী বাস একজনের মৃত্যু, আহত ১৫