কুমিরায় উল্টে গেল যাত্রীবাহী বাস একজনের মৃত্যু, আহত ১৫

সীতাকুণ্ডে আরো দুই দুর্ঘটনা, গাড়িচাপায় শ্রমিক ও ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। গতকাল রবিবার উপজেলার কুমিরায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ও সীতাকুণ্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল ৮টায় ঢাকামুখী জোনাকী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে গাড়িতে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিরা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে পটিয়া উপজেলার বাসিন্দা ফণীদ্র লাল বসুর ছেলে ওম প্রকাশ বসুর (৩৭) মৃত্যু ঘটে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন মো. মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০), আরিফ মো. ইউসুফ (৫১), রওশন আক্তার (৩৮) ও তার ভাই মো. মহিউদ্দিন (৩৩)

একইদিন সকাল ৯টায় বড় কুমিরা রয়েল গেইট এলাকায় মো. ইমন (২০) নামে এক শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. সালামের ছেলে বলে জানান, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. মিল্টন। তিনি বলেন, নিহত শ্রমিক পুরাতন একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে কাজ করতেন। এ সকল দুর্ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এর আগে, একইদিন সকাল সাড়ে ৭টায় মো. নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ সীতাকুণ্ড পৌরসভাস্থ রেল স্টেশন সংলগ্ন রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এঙপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান। তিনি বলেন, এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের কয়েক ঘণ্টা পর শিকলবাহা খালে মিলল কাসেমের লাশ
পরবর্তী নিবন্ধশিশু আয়নী খুনের মামলার রায় আজ