নিউইয়র্কে অবতরণের আগ মুহূর্তে ট্রাক, খুঁটিতে আঘাত যাত্রীবাহী বোয়িংয়ের

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

মার্কিন বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চূড়ান্ত পর্যায়ে একটি ট্রেইলার ও খুঁটিতে আঘাত হানে বলে জানিয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ। খবর বিডিনিউজের।

তাদের মুখপাত্র বলেছেন, রোববার বেলা ২টার দিকে ইউনাইটেডের ওই বোয়িং ৭৬৭৪০০ এর নিচের অংশ এবং টায়ার নিউ জার্সি টার্নপাইক সড়কে থাকা আলো জ্বালানোর খুঁটি ও একটি ট্রাক্টরট্রেইলারে ধাক্কা মারে। ইতালির ভেনিস থেকে রওনা দেওয়া ইউনাইটেডের ওই ফ্লাইট ১৬৯ পরে নিরাপদেই অবতরণ করে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) নিশ্চিত করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থার খবরে ঘটনার সময় ফ্লাইটটিতে ২২১ জন যাত্রী ও ১০ ক্রু ছিলেন বলে জানানো হয়েছে। আমাদের রক্ষণাবেক্ষণকারী দল উড়োজাহাজটির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। আমরা এই ঘটনার ক্ষেত্রে ফ্লাইট নিরাপত্তা তদন্ত কঠোরভাবে করবো, তার অংশ হিসেবে ক্রুদের আপাতত কাজ থেকে বিরত রাখা হয়েছে, বলেছেন ইউনাইটেডের এক মুখপাত্র। নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানের কেউ আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি, তবে উড়োজাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। বিমানবন্দরের কর্মীরা রানওয়েতে ভাঙা অংশ পড়েছে কিনা তা খতিয়ে দেখেছেন, পরে খুব দ্রুতই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, বলেছেন এক মুখপাত্র। হালকা আঘাতপ্রাপ্ত ট্রাক্টরট্রেইলারের চালককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শেষে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৭৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআটলান্টিকে প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়েছে বলে সন্দেহ, ৩ মৃত্যু