নারীর লাশের ময়না তদন্তে নারী ডোম কেন নয়

হাই কোর্টের রুল

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নারীর লাশের ময়নাতদন্তের জন্য নারী ডোম কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ গতকাল রোববার এ রুল জারি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে এই রিট আবেদন করেন আইনজীবী মো. মনির উদ্দীন। আবেদনের পক্ষে তিনিই শুনানি করেন। শুনানি শেষে মনির উদ্দীন বলেন, গত ১৩ মে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটা রিপ্রেজেন্টেশন (আবেদন) দিয়েছিলাম যে, বাংলাদেশে রোড অ্যাঙিডেন্টসহ বিভিন্ন দুর্ঘটনায় যেসব নারী মারা যান, তাদের কেন নারী ডোম দিয়ে পোস্টমর্টেম করা হবে না? এরপর ওই রিপ্রেজেন্টেশনের কোনো ফিডব্যাক না পেয়ে গত ৩০ জুন একটি রিট দায়ের করি। আজকে সেটির শুনানি শেষে আদালত রুল ইস্যু করেছেন। খবর বিডিনিউজের। নারী ডোমের প্রয়োজনীয়তা ও পুরুষ ডোমের মাধ্যমে লাশ বিকৃতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পোস্টমর্টেমের ক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটেছে। ২০২০ সালের ২০ নভেম্বর সোহরাওয়ার্দী মেডিকেলে মুন্না ভগত নামের একজন লাশের সাথে ধর্ষণ করে। এছাড়া ২০২৫ সালের ২২ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজে এক মৃত তরুণীর সাথে ডোম আবু সাঈদের রেপের ঘটনা ঘটে। এমনকি যুক্তরাষ্ট্রেও ১০০ লাশের সাথে ধর্ষণের কাজ করেছে কেনেথ ডগলাস নামের এক লোক।

পূর্ববর্তী নিবন্ধপ্রমাণ হল, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতাবা খামেনি
পরবর্তী নিবন্ধপুলিশের সোর্স পরিচয়ে মানুষকে হয়রানি, যুবক গ্রেপ্তার