বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া এলাকার একটি বৌদ্ধমন্দিরের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম জাফর আলম বাবুল। তিনি উপজেলার লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে। এ ঘটনায় অংকিয় চিং মার্মা নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন ছাদুঅং পাড়া বৌদ্ধবিহারের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেন। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অংজাই চাক বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃক্সখলা না করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনশৃক্সখলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।












