চট্টগ্রামের ১৫ উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চলতি বছরের নভেম্বরে সাত উপজেলার ১০০ ইউপি নির্বাচন উপযোগী হবে। নির্বাচন কমিশনের তালিকায় চট্টগ্রামে সর্বশেষ ২০২১ সালে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তালিকা অনুযায়ী, আগামী নভেম্বরে সারা দেশে অনুষ্ঠেয় নির্বাচনে চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় ধাপে সন্দ্বীপ, মীরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ ধাপে কর্ণফুলী, পটিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ৮৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী, চলতি বছরের নভেম্বর থেকে সারা দেশে মেয়াদ পূর্ণ হওয়া ইউপিগুলোতে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তালিকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রথম ধাপে ভোটগ্রহণ হয়েছিল সন্দ্বীপ উপজেলার ১৪ ইউনিয়নে। সেই হিসেবে নির্বাচন কমিশনের আগামী নভেম্বরের প্রথম ধাপের নির্বাচনে সন্দ্বীপের ওই ইউনিয়নগুলোতে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তালিকায় চট্টগ্রামে সর্বশেষ ২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ভোট হয়েছিল মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলার ১৮ ইউনিয়ন (ফটিকছড়িতে ১২টি এবং উত্তর ফটিকছড়িতে ৬টি) এবং সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে। একই সময়ে রাউজানের ১৪ ইউপিতেও তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাউজানের কোনো ইউনিয়নে নির্বাচন হয়নি। সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। একই বছরের ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউপি ও হাটহাজারী উপজেলার ১৪ ইউপিতে নির্বাচন হয়েছিল।
জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৭ উপজেলার মধ্যে চলতি সেপ্টেম্বরে সন্দ্বীপ উপজেলার ১৪ ইউপির মেয়াদ পূর্ণ হচ্ছে। নভেম্বরে মেয়াদ পূর্ণ হবে মীরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ৮৬টি ইউনিয়নের। পরবর্তী ধাপে কর্ণফুলী উপজেলার ৫টি, পটিয়া উপজেলার ১৭টি, লোহাগাড়া উপজেলার ৯টি, আনোয়ারা উপজেলার ১১টি, বোয়ালখালী উপজেলার ৮টি ও সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে মেয়াদ পূর্ণ হবে।
চট্টগ্রামে সবার শেষে বাঁশখালী উপজেলার ১৪ ইউপিতে ভোট হবে। বাঁশখালীর ১৪ ইউনিয়নে সর্বশেষ ভোট হয়েছিল ২০২২ সালের ১৫ জুন। এই উপজেলার ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হবে ২০২৭ সালের জুনে। এরপর ভোট হবে ইউপিগুলোতে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সম্প্রতি বলেছিলেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।











