ফটিকছড়িতে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) ও শুটার ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ফটিকছড়ি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে হানা দেয় পুলিশ। সেখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একদল অপরাধী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য সদস্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ চারদিক থেকে ঘেরাও করে সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য টেস্টার মোবারককে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তরবারি, রামদা, লোহার শাবল, ছুরি, ধামা, দা, এসএস পাইপ এবং লোহার রড।

এদিকে গতকাল শনিবার রাত ৮টার দিকে একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আরেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে পুলিশ গ্রেপ্তার করে শুটার ডাবা হারুনকে। পুলিশ জানায়, ডাবা হারুন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের অন্যতম সহযোগী। গ্রেপ্তারকৃত টেস্টার মোবারকও একই সন্ত্রাসী সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্যান্য ডাকাত ও সন্ত্রাসীদের ধরতেও পুলিশের বিশেষ টিম কাজ করছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে ৬৩ বিদেশি,পুরোনো সংকটে নতুন চাপ