বৃহস্পতিবার এলেই যেন চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় পটিয়াগামী যাত্রীদের জন্য শুরু হয় নতুন এক ভোগান্তির অধ্যায়। সপ্তাহের অন্যান্য দিনে কোনোভাবে যাতায়াত করা গেলেও বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার দিকে পরিস্থিতি যেন একেবারেই বদলে যায়। পটিয়াগামী বাসের দেখা মেলে কম, অথচ যাত্রী বাড়ে কয়েক গুণ। কিছুক্ষণ পরপর একটি–দুটি গাড়ি আসে, আর সেই গাড়িতে ওঠার জন্য শুরু হয় হুড়োহুড়ি, ঠেলাঠেলি ও গাদাগাদি।
কখনো কখনো বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গাড়ির দেখা মেলে না। একটি গাড়ি আসা মাত্র সেটিকে ঘিরে যাত্রীদের মধ্যে শুরু হয় ওঠার প্রতিযোগিতা। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের তখন পড়তে হয় সবচেয়ে বেশি বিপাকে। কেউ আগে উঠতে চাইছেন, কেউ পরিবারের সদস্যকে গাড়িতে তুলতে চাইছেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক–শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই পারে এই দীর্ঘদিনের সমস্যার একটি স্থায়ী সমাধান দিতে।
আলমগীর আলম
যুগ্ম সদস্য সচিব
পটিয়া সচেতন নাগরিক ফোরাম।











