নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নতুন ধারাবাহিকটি প্রচারে এসেছে। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি। পাশাপাশি চ্যানেল আইয়ে দেখা যাচ্ছে। নির্মাতা রাজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাটকটির প্রথম পর্ব মুক্তির মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৪৭ লাখের বেশি দর্শক। মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন। ‘ফিরে আসার গল্প’ নাটকের চিত্রনাট্যে, পরিবারের আবেগ তুলে ধরা হয়েছে। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি। নাটকটিতে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। দুই অভিনেতাকে সবশেষ ২০১৩ সালে ‘সাঙরিলা’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল। প্রায় এক যুগ পরে ফের কোনো নাটকে জুটি বাঁধলেন দুই অভিনয় শিল্পী। ধারাবাহিকটিতে জাহিদ ও সেলিম ছাড়াও আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়া। নাটকে তিনটি গান রয়েছে। এর মধ্যে দুইটি দ্বৈত গান এবং অন্য গানটির থাকছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী। টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। ‘ওরে প্রিয়া রে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিন পার আফগানদের
পরবর্তী নিবন্ধ৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম