নগরীর দুই স্থান ও আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ভিডিও দেখে ব্যবস্থা,বলছে পুলিশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরীর দুই স্থান এবং আনোয়ারায় পৃথক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল সোমবার মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গতকাল সকালে ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিল বের করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল করে। মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয় বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

অপরদিকে নগরীর দেওয়ানহাটের পোস্তারপাড় এলাকায় ছাত্রলীগ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। ডবলমুরিং থানা পুলিশ বলেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।

এছাড়া, গতকাল সকাল ৮টার দিকে আনোয়ারার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিলের দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি এলাকা থেকে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা