একটি সংবাদপত্র শুধু খবরের বাহন নয়, এটি সময়ের সাক্ষী, সমাজের দর্পণ এবং মানুষের কণ্ঠস্বর। আর চট্টগ্রামের মানুষের কাছে দৈনিক আজাদী সেই কণ্ঠস্বরেরই এক দীর্ঘস্থায়ী প্রতিচ্ছবি। দীর্ঘ পথচলায় আজাদী শুধু সংবাদ পরিবেশন করেনি, মানুষের সুখ–দুঃখ, আশা–হতাশা, অধিকার ও প্রত্যাশার কথাও তুলে ধরেছে। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বন্দরকেন্দ্রিক অর্থনীতি থেকে শুরু করে প্রান্তিক মানুষের জীবন, সবকিছুর সঙ্গে এই পত্রিকার রয়েছে গভীর সম্পর্ক। আজকের তথ্যপ্রযুক্তির যুগে মুহূর্তেই একটি খবর ছড়িয়ে পড়ে। কিন্তু খবরের গতি যত বেড়েছে, সত্য যাচাইয়ের গুরুত্বও তত বেড়েছে। গুজব ও অপতথ্যের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। একটি প্রতিষ্ঠিত সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি তাই তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা। দৈনিক আজাদীর কাছে মানুষের প্রত্যাশাও সেখানেই, ক্ষমতার নয়, সত্যের পাশে, বিভাজনের নয়, মানুষের পাশে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা সর্বজনীন। একটি গণমাধ্যম সেই সর্বজনীন আকাঙ্ক্ষার কথা বলার সাহস রাখে বলেই মানুষের আস্থা অর্জন করে। আজাদী সেই আস্থার উত্তরাধিকার বহন করে চলেছে। দৈনিক আজাদী, গণমানুষের কথা বলে, মানুষের বিশ্বাস নিয়েই এগিয়ে যাক।











