চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। বিয়ে, ফ্যাশন ও লাইফস্টাইল কেন্দ্রিক নানা পণ্যের সমাহার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে এক ছাদের নিচে মিলিত হয়েছেন নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ক্রেতারা।
এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের আয়োজনে বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে এই এক্সপো। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন স্বনামধন্য নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, প্রতিষ্ঠিত ব্র্যান্ড, জুয়েলারি বিশেষজ্ঞ ও ফার্নিচার ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে দর্শনার্থীরা বিয়ের পোশাক, ফ্যাশন সামগ্রী, গয়না, লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা দেখার এবং কেনাকাটার সুযোগ পাচ্ছেন।
অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নিমালি, তানাশ, আমনা বাই খানস, পিঙ্কি প্রমিজ বাই নিতি, আনাকাহ, সেহর, স্যাফায়ার বাই সোচি, ড্যাজল বাই সোনিয়া, অপ্সরা ফ্যাশন হাউস, ক্লথ কো. এবং লা বুটিকসহ আরও অনেক প্রতিষ্ঠান।
এই আয়োজনে পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম গোল্ড পার্টনার হিসেবে রয়েছে মুন্নু সিরামিক, সিলভার পার্টনার আমা কফি, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং স্ট্র্যাটেজিক পার্টনার ইনটেলজা।
এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের মানজুমা মুর্শেদ দৈনিক আজাদীকে বলেন, এই এক্সপোর মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তা ও ক্রেতাদের কাছাকাছি নিয়ে আসা এবং তাঁদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। আমরা আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন এবং ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে পারবেন।
তিনি চট্টগ্রামবাসীকে এক্সপো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে বলেন, দর্শনার্থীরা যেন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্য ঘুরে দেখেন এবং একই জায়গায় বিভিন্ন ধরনের পণ্য ও সেবার বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করেন।
ফ্যাশন, বিয়ে ও লাইফস্টাইলের নানা আয়োজন নিয়ে এই এক্সপো চট্টগ্রামের ক্রেতা ও নারী উদ্যোক্তাদের জন্য হয়ে উঠতে পারে নতুন যোগাযোগ, ব্যবসায়িক সম্ভাবনা এবং কেনাকাটার এক আকর্ষণীয় মিলনমেলা।












