কোনটি সড়ক কোনটি বাজার পথিকের বোঝা দায়
অফিসগামী ব্যস্ত পথিক চলতে ফিরতে হিমসিম খায়।
গোঁদের ওপর বিষফোঁড়া ফুটপাত জুড়ে যত বাগান
আরেক ফোঁড়া সড়ক ঘেঁষে গড়েছে সব দোকান।
দিনে দিনে বামুন হচ্ছে একে একে হাঁটার পথ
মূল সড়কে পথচারী হাঁটতে গেলেও ঘটে যত বিপদ।
যখন তখন গাড়ির হর্ণ কর্ণ ভেদ করে যায়
লাগামহীন অমান্যতায় নাগরিক আজ অসহায়।
নিরিবিলি রাস্তা কিংবা অলিগলি চলাচলে হয় শংকা
পথচারীর বুক কাঁপে দুরুদুরু পথ চলতে একা একা।
নগরবাসীর বুকে আজ আছে চাপা শত কান্না
নালিশ দেবে পথিক কাকে, বোঝে না সে কোথায় দেবে ধর্ণা।
অবাধ্যতার জমছে পাহাড়, সবাই যেন কানে দিয়েছে তুলো
ময়লা বর্জ্যে ভরছে শহর বাড়ছে ক্রমে যত ধুলো।
কেউ নেয় না দোষের দায় দেখায় শুধু নানা অজুহাত
নাগরিকের চতুর্পাশে চেপেছে যেন অদৃশ্য এক ভূতের ফাঁদ।
হচ্ছে ক্রমেই বড়ো শহরের সব ফোঁড়া
সময় দুয়ারে বারবার দিচ্ছে কড়া নাড়া।
শক্ত হাতে সজোরে ধরুন টেনে প্রিয় শহরের লাগাম
বেলা শেষে নচেৎ দিতে হবে সুদে আসলে চড়া দাম।












