দেশ, পরিবার, পরিচয়, আর নিজের জায়গায় ফেরার টানের গল্পের সিনেমা ‘শেকড়’; এবার দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতা প্রসূন রহমান গ্লিটজকে জানিয়েছেন, সিনেমাটি চলছে ১১টি প্রেক্ষাগৃহে। খবর বিডিনিউজের।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, মিরপুর সনি স্কয়ার, নারায়াণগঞ্জ শাখায়সহ, ঢাকার শ্যামলী সিনেমা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও মম ইন সিনেপ্লেক্স, কুমিল্লা সেনানিবাসের কে স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শেকড়। এই সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল গেল বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে। এর আগে প্রসূন রহমান জানিয়েছিলেন, দেশে মুক্তির পর সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ বড় পরিসরে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ২ অগাস্ট কানাডার তিনটি শহরে মুক্তি পাবে ‘শেকড়’। এরপর সেপ্টেম্বরে সিনেমাটি পরিবেশিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আন্তর্জাতিকভাবে ‘শেকড়’ পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘ডিমান্ড ফিল্ম’। দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে স্প্যানিশ ভাষায় চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। সে লক্ষ্যে এরই মধ্যে স্প্যানিশ ডাবিং সম্পন্ন হয়েছে, যা মেক্সিকোভিত্তিক একটি পরিবেশনা সংস্থার মাধ্যমে মুক্তি পাবে।












