দেশে ফিরেই বিমানবন্দরে আটক বাঁশখালীর আ.লীগ নেতা হারুনুর রশিদ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম. হারুনুর রশিদকে (৫৮) বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। দুবাই ও মোজাম্বিক ঘুরে দেশে ফেরার পথে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বলে বাঁশখালী থানা সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বিভিন্ন মামলার আসামি হিসেবে দেশের বাইরে ও আত্মগোপনে ছিলেন। বিদেশে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে অবস্থান করেন বলে জানা যায়। সমপ্রতি ব্যাংকক হয়ে বাংলাদেশে এসে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে মামলার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ছনুয়ার সাবেক চেয়ারম্যান এম. হারুনুর রশিদকে আটকের খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশি গবেষকের’স্টার্টআপ কিনল অ্যাপল
পরবর্তী নিবন্ধসরকারের কাছে বিচার চাইলেন নির্যাতিত গৃহকর্মী শিশু তানিয়ার বাবা