বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, বারে বারে তাদের স্বপ্ন হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, আমরা আর সেদিকে যেতে চাই না। তিনি বলেন, আমাদের গণঅভ্যুত্থানের শহিদেরা, আমাদের সন্তানেরা ও মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল সবাই ঐক্যবদ্ধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সাথে প্রতারণা করতে পারবেন না। কারণ এদেশের মানুষ জানে আপনারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালবম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।












