দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুবলীগ নেত্রী, কয়েক ঘণ্টা পর জামিন

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পর যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমের জামিনের আদেশ এল। জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদনের পর গত মঙ্গলবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এর আগে দুপুরে দেড় মাসের শিশুসহ তাকে কারাগারে পাঠানো হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনাসমালোচনা হয়। শিল্পী বেগমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, আশা করছি, আগামীকাল (আজ) তারা কারামুক্ত হবেন। খবর বিডিনিউজের।

শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সোমবার সন্ধ্যায় তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম।

দুপুর ২টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। শিল্পীর স্বামী, বোন, ননদ, খালাসহ স্বজনরা আদালতে হাজির হন। তারা বলছিলেন, গেল মাসের ৪ তারিখে আদদ্বীন হাসপাতাল সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় শিশু; মাতৃদুগ্ধ পান করে। বাথরুমে পড়ে বাম হাত ভেঙে গেছে শিল্পীর। বাচ্চাকে ঠিকমতো কোলেও নিতে পারে না, একা সামলাতে পারেন না।

শিল্পীর পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন নাকচের আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন শিল্পী। শিল্পী অসুস্থ থাকায় আদালতপাড়ায় স্বজনরাই বাচ্চাকে কোলে করে রাখেন। কান্নাকাটি করলে বাচ্চাকে দুধ পান করান তিনি। শিল্পী বলেন, সিজারের কাটা জায়গায় এখনো ব্যথা করে। বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারি না। ও তো মরে যাবে। আমার বাচ্চা মরে যাবে। আমার হাতে সমস্যা, বাচ্চা পালতে পারি না। ওকে আমি আমার সাথে নেব না।

বিকাল ৩টা ১২ মিনিটের দিকে শিল্পীকে আদালত থেকে বের করে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালতের চতুর্থ তলা থেকে কাঁদতে কাঁদতে বাচ্চাকে কোলে করে সিঁড়ি দিয়ে নামতে থাকেন। আর বলেন, রাজনীতির কারণে আমার এ অবস্থা। রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে। জেলখানায় নিয়ে গেলে আমার বাচ্চাটা মরে যাবে। ওরে আমি আমার সাথে নেব না। এরপর জামিন আবেদন পুর্নবিবেচনার আবেদন করেন শিল্পীর আইনজীবী। রাতে শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধবিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১