চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, বাসি খাবার বিক্রির জন্য রাখা এবং অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহারের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে দেওয়ানহাট মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচের ব্যবহার, পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্য ও পানীয় সংরক্ষণ এবং রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া, ফ্রিজে কাঁচা মাছ–মাংসের সঙ্গে রান্না করা খাবারও অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল।
একই অভিযানে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ–মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রাখা এবং খাবারের মধ্যে তেলাপোকার বিচরণের কারণে আলিফ রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্না করা বাসি খাবার কাঁচা মাছ–মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যদ্রব্যে অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহার, পচা–বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকার বিভিন্ন ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানিদের স্বাস্থ্যসম্মতভাবে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।











