দুদিনে ৭শ ২২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায়

বিনা টিকিটে রেল ভ্রমণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

বিনা টিকিটে রেল ভ্রমণের সময় গত দুদিনে প্রায় ৭শ ২২ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভাড়াও আদায় করা হয় বলে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিনা টিকিটে ভ্রমণ করায় নয়টি আন্তঃনগর ট্রেনের ৩৭২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ব্লক চেকিং পরিচালনা করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। অপরদিকে গত সোমবার বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৩৫০ জন যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়া আদায় করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, মহানগর এক্সপ্রেস এবং ঢাকা ও সিলেট ছেড়ে চট্টগ্রামে আসা মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫০ হাজার ৫৪৫ টাকা ও জরিমানা বাবদ ৩২ হাজার ১২৫ টাকা আদায় করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী আজাদীকে জানান, মঙ্গলবার এবং সোমবার দুদিন সকালে চট্টগ্রাম স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ব্লক চেকিং পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরক্তদান দিবসে সন্ধানী চমেক ইউনিটের বর্ণাঢ্য র‌্যালি
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা