দক্ষ যোগ্য ও আদর্শবান জনশক্তি গড়ে তুলতে কর্মীদের ভূমিকা রাখতে হবে

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কর্মী শিক্ষা বৈঠকে নজরুল ইসলাম

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দক্ষ, যোগ্য, সৎ ও আদর্শবান জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, কর্মীদের জ্ঞান, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য, ন্যায়বিচার ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের সুখদুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াতকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সেক্রেটারি এস. এম. ইয়াছিনের সঞ্চালনায় এবং ওয়ার্ড আমীর শেখ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ এবং ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ ফরিদ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা কর্মপরিষদ সদস্য মফিজুর রহমান, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য কবির আহমদ, আজম কুতুবী, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ফোরকান, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ মহিউদ্দিন, শাহজাহান মজুমদার, নুর হোসেনসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। শিক্ষা বৈঠকে বক্তারা কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতী কার্যক্রম জোরদার এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী প্রজন্ম গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন