বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে নতুন কুঁড়ি বিদ্যা নিকেতন, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ছালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও শেরশাহ কলোনী ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়। গতকাল রোববার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে মোট ৪টি খেলা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নতুন কুঁড়ি বিদ্যা নিকেতন টাইব্রেকারে ৩–১ গোলে ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলাটি নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র ছিল। নির্ধারিত সময়ে নতুন কুঁড়ির পক্ষে তৌফিক হাসান তায়িফ ও ওয়ার্লেস ঝাউতলার পক্ষে রাব্বি মিয়া গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ নতুন কুঁড়ি স্কুলের তৌফিক হাসান তায়িফের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ গোলবন্যায় ভাসিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে। রায়হান মুন্সীর হ্যাট্রিকের কৃতিত্বে বেপজা ৭–০ গোলের বিশাল ব্যবধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। রায়হান ছাড়াও দলের পক্ষে সাব্বির আহম্মদ মাহি, ফাহিম রানা, তৌফিক হাসান এবং মো. শফিউজ্জামান ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বেপজা স্কুলের রায়হান মুন্সীর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতি ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে ছালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১–০ গোলে হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা মো. সামিউল ইসলাম। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) এর সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।
একই মাঠে বিকাল অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে শেরশাহ কলোনী ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয় ২–০ গোলে চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করেন আরাফাত ও রাফসান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী ডা. মজহারুল হক স্কুলের আরাফাতের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।











