ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় সামাজিক সংগঠন ‘সুরক্ষা’ শনিবার নগরীতে বর্ণাঢ্য র্যালি ও নাগরিক সভার আয়োজন করে। চসিক পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা প্রচলিত বিষাক্ত রাসায়নিকের ব্যবহার কমিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব ‘বিটিআই’ প্রযুক্তি ব্যবহার করছি। প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম, উন্নতমানের লার্ভিসাইড প্রয়োগ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং কঠোর মনিটরিংয়ের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুরক্ষা’র চেয়ারম্যান ডা. এম এম তৈমুর হাসান। যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াত ও ডা. লামিয়া ইবতেসাম ওসমান। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার অন্যতম উদ্যোক্তা ডা. রাশেদুজ্জামান মন্ডল ও আরমান আলী। তারা বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিক পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করাই ‘সুরক্ষা’র মূল লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্যঝুঁকি এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তব্য দেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), সিএমইউজে সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, জেড এম সাজ্জাদুল ইসলাম, হাজী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার রাসুদুল ইসলাম রাসুদ, জুয়েল মজুমদার, ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত, অনিক খানসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।











