রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় সাপের দংশনে রগু দত্ত বৈদ্য নামে এক তান্ত্রিক বৈদ্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দত্তপাড়ার বাসিন্দা রগু দত্ত বাড়ির কাছে পুকুরপাড়ের একটি কাঁচা ঘরে ঝাড়ফুঁকের কাজ করতেন। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তার জন্য খাবার এনে টেবিলের ওপর রাখেন। তিনি টেবিলের নিচে পা রেখে ভাত খেতে বসলে সেখানে থাকা একটি সাপ তার পায়ে ছোবল দেয়।
বিষক্রিয়ায় আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহতের পরিবারের সদস্যরা জানান, চমেক হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এক সন্তানের জনক রগু দত্ত দত্তপাড়ার মৃত সারদা চরণ দত্তের ছেলে।










