জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট লালদীঘিস্থ জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামীর নগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজাহান চৌধুরী এমপি। নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির নগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর জাগপা সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, নগর এলডিপি সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, নগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, নগর লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন আলী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম নগরীর সহ–সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, এনসিপির মহানগরীর যুগ্ম আহবায়ক জসিমউদদীন ওপেল।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, গত ১৭ বছর ধরে নির্বিচারে সাধারণ মানুষকে ‘জঙ্গি’ তকমা দিয়ে হত্যা করা হয়েছে। জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। তিনি ১/১১–এর হোতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছিলাম যে, জুলাই সনদ বাস্তবায়ন করব। আপনারাও বলেছিলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু বাস্তবে সংসদে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। সংবিধান সংস্কারের জন্য পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, অথচ আপনারা সেই ঐকমত্য থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন না হলে রাজপথেই জবাব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব প্রমাণ করেছে, জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে না। প্রেস বিজ্ঞপ্তি।












