জঙ্গল সলিমপুরে স্কুল পরিদর্শনে পুলিশ সুপার মাসুদ আলম

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল রবিবার দুপুরের দিকে তিনি বিদ্যালয়গুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে জানায় এবং খেলাধুলার সরঞ্জামসহ ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি প্রদানের অনুরোধ জানায়। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও প্রদান করেন তিনি। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে প্রাণবন্ত আলোচনা করে।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি