ছয়দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎও নেই সেন্টমার্টিনে

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টিতে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা চরম দুর্ভোগ পড়েছেন। মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। বন্ধ রয়েছে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান ও ট্রলার চলাচল। এতে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দ্বীপ। গত ছয়দিন এই পরিস্থিতি বিরাজমান রয়েছে। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে সেন্টমার্টিন। ল্যাম্প, মোমবাতি ও চার্জ লাইটের ক্ষীণ আলোই এখন অনেক পরিবারের একমাত্র ভরসা। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে আতঙ্কের মধ্যে দিনরাত পার করছেন দ্বীপবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা ভারী বৃষ্টি ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চলে জোয়ারের পানি প্রবেশ করেছে। উপকূল রক্ষাবাঁধ না থাকায় অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্বজনদের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাতে জোয়ারের পানি আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।

দ্বীপে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ব্লুমেরিন এনার্জি লিমিটেড সোলার ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে বৈরী আবহাওয়া, জ্বালানি সংকট ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কয়েকদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। এতে অন্ধকারে রয়েছে জনপদ।

অন্যদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও বাতাসের কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না বাসিন্দারা। আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেরাও মাছ ধরতে যেতে পারছেন না। বৈরী আবহাওয়া না কাটলে দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়তে পারে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, দ্বীপের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ না থাকায় পুরো দ্বীপ অন্ধকারে ডুবে আছে। উত্তাল সাগর ও জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কায় মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করছে বলে জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দ্বীপবাসীকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটানা বৃষ্টিতে চবির শিক্ষা কার্যক্রম স্থগিত
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ও মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২