লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. আফনাস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা–মা ও দুই ভাই–বোন আহত হয়েছে। গত বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফনাস বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে মধ্যম গুনাগরী এলাকায় তার দাফন সম্পন্ন হয়। দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আব্দুস সবুর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুস সবুর চাকরির সুবাদে স্ত্রী–সন্তানদের নিয়ে লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার পাশের একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী–সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান। পরে সিএনজি টেক্সিতে করে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ বছর বয়সী আফনাস ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আফনাসের বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) ও দুই বছর বয়সী ছোট বোন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। পরে মা, বড় ভাই ও ছোট বোন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। তবে মোহাম্মদ আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।









