৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) আয়োজন করা হয়েছে পুরকৌশল বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। কাল ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কনফারেন্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির জিসান।
এ সময় তিনি জানান, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সম্মেলনে অতিথি থাকবেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি থাকবেন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে সম্মেলনে পুরকৌশলের উপর বাংলাদেশ, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রধান বক্তা এবং ২০০ জনেরও বেশি শিক্ষাবিদ, গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন।
এই সম্মেলনের লক্ষ্য হল বিশ্বব্যাপী পুরকৌশল বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় অ্যাকাডেমিসিয়ান, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের একত্রিত করা। এর মাধ্যমে নতুন ধারণা বিনিময় এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতি অন্বেষণ।












