চুয়েটে এখনো ২৩ আসন খালি, পঞ্চম পর্যায়ের ভর্তি ৩ মে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া পঞ্চম পর্যায়ে গড়িয়েছে। চতুর্থ ধাপের ভর্তি শেষেও প্রকৌশল ও স্থাপত্যের বিভিন্ন বিভাগে এখনো ২৩টি আসন খালি রয়েছে। এই শূন্য আসনগুলো পূরণে আগামী ৩ মে থেকে নতুন পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মেধা তালিকায় ৩৫০১ থেকে ৪০০০ পর্যন্ত থাকা প্রার্থীদের ডাকা হয়েছে। অন্যদিকে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য মেধাক্রম ১৩১ থেকে ১৩৫ পর্যন্ত থাকা প্রার্থীদের উপস্থিত হতে বলা হয়েছে।

আগামী ৩ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রার্থীদের সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় প্রত্যেক শিক্ষার্থীকে স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট এবং চশমা ব্যবহারকারীদের ক্ষেত্রে চশমা সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিন, অর্থাৎ ৪ মে সোনালী ব্যাংকের চুয়েট শাখায় ১৮ হাজার ৫০০ টাকা জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে ৩ মে স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই দিনই টাকা জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীদের অনলাইন থেকে ডাউনলোড করা পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল সনদ, মূল ট্রান্সক্রিপ্ট, উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি প্রথম মেধাতালিকা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি থেকে প্রথম পর্যায়ের ভর্তি শুরু হয়। দীর্ঘ এই প্রক্রিয়ায় চার ধাপ পেরিয়ে এসেও ২৩টি আসন এখনো অপূর্ণ রয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গাড়ির ধাক্কায় ইমাম নিহত, পৃথক ঘটনায় আহত ২
পরবর্তী নিবন্ধস্থিতিশীলতা নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না : অর্থমন্ত্রী